
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির দাফন সম্পন্ন হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধের পাশেই তাকে শায়িত করা হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে তার দাফন সম্পন্ন হয়। এর আগে বিকেল ৩টার দিকে মরদেহবাহী অ্যাম্বুলেন্স কবরস্থানে পৌঁছায়। দাফনকে কেন্দ্র করে কবরস্থানের আশপাশে পুলিশ, র্যাব, বিজিবি ও সোয়াটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও শাহবাগ মোড় থেকে সমাধিসৌধে প্রবেশের সড়কে সাধারণ মানুষের প্রবেশ সাময়িকভাবে সীমিত রাখা হয়।
এর আগে দুপুর ২টা ৩০ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শরিফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়। লাখো মানুষের উপস্থিতিতে জানাজা পড়ান তার বড় ভাই ড. মাওলানা আবু বকর ছিদ্দিক।
জানাজায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া মো. গোলাম পরওয়ার, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
জানাজায় বক্তব্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন,
“প্রিয় ওসমান হাদি, তুমি যা বলে গেছো, সেই অঙ্গীকার পূরণ করতেই আমরা এসেছি। শুধু আমরা নই—দেশের মানুষ প্রজন্মের পর প্রজন্ম তা বাস্তবায়ন করবে।”
জানাজার আগে বক্তব্যে ড. মাওলানা আবু বকর ছিদ্দিক ভাই হত্যার প্রকাশ্য বিচার দাবি করেন। তিনি বলেন,
“দিবালোকের মধ্যে গুলি করে খুনিরা যদি পার পেয়ে যায়, এর চেয়ে লজ্জার কিছু নেই। আমার ভাই শহীদ হয়েছে, কিন্তু তার হত্যার বিচার আমি এই বাংলার মাটিতে দেখতে চাই।”
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে মাথায় গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। পরে তাকে সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হলেও বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
#শরিফ_ওসমান_হাদি
#InqilabMoncho
#হাদির_দাফন
#রাষ্ট্রীয়_মর্যাদা
#হত্যার_বিচার
#BangladeshPolitics
#DhakaUniversity
#BNChannel
#বাংলাদেশ_সংবাদ
#BreakingNewsBD